ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করা নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ রাত

ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ প্রকাশ করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বোরহান মাহমুদ। এর দুই দিন পর চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলা সদরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চেক প্রতারণার একটি মামলায় সাজার চার বছর পর তাকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার ওই মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহানের এক বছরের কারাদণ্ড হয়। দণ্ডিত হলেও তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন।

এর আগে গত মঙ্গলবার রাতে ফেসবুক অ্যাকাউন্টে নিজের ছবি যুক্ত করে দল থেকে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে। বোরহান মাহমুদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন।

দল থেকে পদত্যাগের ব্যাখ্যা দিয়ে বোরহান বলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাদপুর ইউনিয়নের বহিষ্কৃত সহসভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (স্বতন্ত্র) মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ আখ্যা দেন। এ কারণেই তিনি দলীয় পদ ছেড়েছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সাংবাদিকদের বলেন, তিন-চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে ইটভাটা বন্ধের হুমকি দেন তিনি।

সঞ্জয় সাহা বলেন, এ ছাড়া বোরহান কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলেন। সর্বশেষ গত রবিবার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান।

বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে তিনি লিখেছেন, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে তার সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।

গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে বুধবার রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসার ভেতর থেকে ফেসবুকে এক মিনিটের এক ভিডিও বার্তায় বোরহান মাহমুদ অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বাসায় সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বোরহান মাহমুদ চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

<