নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।। জাগতিক পাপ মোচন, আত্মশুদ্ধি ও পুণ্যলাভের প্রত্যাশায় সমুদ্রের নোনা জলে গঙ্গাস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় সূর্যোদয়ের আগে হাজারো পুণ্যার্থী কুয়াকাটা সমুদ্রসৈকতে সমবেত হয়ে পুণ্যস্নানে অংশ নেন।
স্নানের আগে ধর্মীয় রীতি অনুযায়ী সমুদ্রের জলে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। অনেকে পূর্বপুরুষদের স্মরণে এবং মানত পূরণের উদ্দেশ্যে মাথার চুল বিসর্জন ও পিণ্ডদান করেন। এ সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। ভক্তদের ধর্মীয় আবেগ ও প্রার্থনায় সৃষ্টি হয় এক পুণ্যময় পরিবেশ।
পুণ্যস্নান শেষে ভক্তরা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন। এর আগে সোমবার রাতভর মন্দির প্রাঙ্গণে চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা, কীর্তন ও পূজার্চনা। ভক্তরা রাধা-কৃষ্ণের লীলামাহাত্ম্য শ্রবণ ও কীর্তনে অংশ নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাত অতিবাহিত করেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুয়াকাটায় রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে আরও তিন দিনব্যাপী উৎসব চলবে। এদিকে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধিকা ও গোপীদের মহামিলনের স্মারক হিসেবে রাস উৎসবের প্রচলন। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালিত হয়। ভক্তদের কাছে রাসপূর্ণিমা আত্মশুদ্ধি, ভক্তি, প্রেম ও সত্য-সুন্দরের আরাধনার এক বিশেষ উপলক্ষ।
স্থানীয়দের মতে, প্রায় আড়াইশ বছরের ঐতিহ্য ধারণ করে কুয়াকাটায় প্রতিবছর এ রাস উৎসব উদযাপিত হয়ে আসছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনে এ উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, দেশ-বিদেশের অসংখ্য মানুষের কাছেও বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন :