কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (২২ নভেম্বর) কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। রামু সেক্টরের অধীন ২ বিজিবি এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এ অভিযান পরিচালনা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চক্রটি মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল বলে বিজিবি সূত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে বিস্ফোরক তৈরির উপকরণ ছাড়াও স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার ও বিভিন্ন ধরনের উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। এসব যানবাহনের চালকদেরও আটক করেছে বিজিবি।

আপনার মতামত লিখুন :