রাতের অন্ধকারে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক ও হাতে মশাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:৪১ বিকাল

সাতক্ষীরার শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ভুরুলিয়া এলাকার রাহাতুল্লার মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে কয়েক মিনিটের মধ্যে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের মুখে মাস্ক ও হাতে মশাল থাকতে দেখা যায়।

মিছিলের একটি ভিডিও যুবলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপর বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির বলেন, মিছিলের বিষয়টি তার নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপনে মিছিলটি করেছেন। এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আগেই প্রশাসনকে সতর্ক করা হয়েছিল। তারপরও মিছিল বের হওয়া দুঃখজনক। এ বিষয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

অন্যদিকে, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে মিছিলের বিষয়টি শুনেছেন। অনেক সময় পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। ভিডিওটি সাম্প্রতিক সময়ের হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Link copied!