বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:৩৩ বিকাল

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের কালিয়াকৈরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও শিল্প পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন তারা। এতে মহাসড়কের প্রায় সাত কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন তারা। তবে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে তারা সড়কে নেমে অবরোধ করেন।

এর আগে আজ সকালে প্রথম দিনের ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে শ্রমিকদের সচেতন করতে সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান একটি সভা করেন। সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়কে নেমেছেন। তাদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শিল্প পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সড়ক থেকে অবরোধ তুলে নিতে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

Link copied!