ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ার ময়লার ভাগাড়, অপসারণ করা হয়েছে প্রায় ১৫ টন বর্জ্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট এলাকার সেই স্থানটি অবশেষে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বুধবার সকালে ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়া ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে । সরিয়ে ফেলা হয় দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা । এ সময় ওই এলাকা থেকে প্রায় ১৫ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 
এ বিষয়টি নিয়ে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন অনলাইনে ‘কলাপাড়া লঞ্চঘাট এখন ময়লার ভাগাড়, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়া ও আমরা কলাপাড়াবাসী-এর সদস্যদের নজরে আসে । এরপর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ওই ময়লার ভাগাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন তারা।
 
এর আগে এই  বিস্তীর্ণ জায়গাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাবারের হোটেলের পচা-বাসি উচ্ছিষ্ট, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্যে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। বাড়ছিল মশা-মাছির উপদ্রব ও জনস্বাস্থ্যঝুঁকি। 
 
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদেক,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, যুবদল নেতা সুমন গাজী, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়ার সমন্বায়ক মুশফিকুল রহমান লিটু বিশ্বাস জানান, পরিচ্ছন্নতা শুধু একদিনের কার্যক্রমে সীমাবদ্ধ রাখলে হবে না। লঞ্চঘাটের পরিবেশ সুন্দর ও জনস্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তবে তিনি বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। 
 

Link copied!