ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় মাঠে স্বেচ্ছাসেবকেরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ রাত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত নতুন নতুন রোগী। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে মাঠে নেমেছে ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠন।  
 
জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ইউনিসেফের সহযোগিতায় ডেঙ্গ প্রতিরোধে সচেততামূলক কার্যক্রম চালাচ্ছেন তারা। শুধু পৌর শহরেই নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম, লিফলেট বিতরণ ও মাইকিং করছেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গুর ঝুঁকি, মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন।

স্বেচ্ছাসেবকেরা জানান, পৌর এলাকার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারেও চলছে এ কার্যক্রম। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি। তাই পুরো এ মাসজুড়ে পরিচ্ছন্নতা ও প্রচারণার মাধ্যমে মানুষের মধ্যে প্রতিরোধমূলক অভ্যাস গড়ে তোলার চেষ্টা চলছে।

ডেঙ্গ প্রতিরোধে সচেততামূলক কার্যক্রমে উপজেলা সমন্বয়কারী ও পরিবেশ সংগঠক নজরুল ইসলাম বলেন, সেপ্টেম্বর মাস জুড়ে ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট নয়। বাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি জানান।
 

Link copied!