ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রী সৌদিতে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৭ দুপুর

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুদের বাবা সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো, রজনীলাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার, বয়স ১০ বছর, ছেলে শামিম মিয়া, বয়স ৭ বছর এবং তামিম মিয়া, বয়স ২ বছর। তাদের বাবা সরফত আলী, বয়স ৩৫ বছর, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে প্রবাসে যান। শুক্রবার রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমাতে যান। পরে রাত আনুমানিক ১টার দিকে তিনি তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন বলে জানা গেছে। বিষপানের পর সরফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান। একই সঙ্গে কোনো দাবি না রাখার কথাও বলেন। বিষয়টি জানতে পেরে তার ফুফু বাড়িতে থাকা সরফত আলীর ছোট ভাই রহমত আলীকে খবর দেন।

পরে রহমত আলীসহ পরিবারের সদস্যরা দ্রুত সরফত আলীর বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন। এরপর তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কী কারণে সরফত আলী সন্তানদের নিয়ে কীটনাশক পান করেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Link copied!