ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়: অভিনেত্রী ঝিলিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৭ বিকাল

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে অভিনেতার সমর্থনে কথা বলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ঝিলিক’খ্যাত অভিনেত্রী তিথি বসু। সম্প্রতি বাংলাদেশে আতিথেয়তা ও খাবারের প্রশংসা করে একটি সাক্ষাৎকারে কথা বলেন বিশ্বজিৎ চক্রবর্তী। সেখানে ঢাকার গরুর মাংস ও ইলিশের প্রশংসা করেন তিনি। পরে তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা।

এ পরিস্থিতিতে বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে ভিডিও বার্তা দেন তিথি বসু। তিনি বলেন, বিশ্বজিৎ কাকু একজন সিনিয়র অভিনেতা। মানুষ হিসেবেও তিনি অসাধারণ। নিজের সততা থেকেই তিনি সত্যি কথাটি বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন বা খাবেন না, সেটি একান্তই ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

তিথি আরও দাবি করেন, কলকাতার চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অনেকেই আড়ালে আবডালে কিংবা প্রকাশ্যেই গরুর মাংস খান। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, তাদের ধারাবাহিকেও এমন অনেক ব্রাহ্মণ শিল্পী ও অভিনেতা ছিলেন, যারা সেটে বসে গরুর মাংস নিয়ে গল্প করতেন। অভিনেত্রীর দাবি, কলকাতার বিভিন্ন জনপ্রিয় জায়গায় গরুর মাংস বিক্রি হলে সেখানে অনেক হিন্দুকেও যেতে দেখেছেন তিনি। ২০১০ সাল নাগাদ বহু জনপ্রিয় সংগীতশিল্পী ও চ্যানেল কর্মকর্তাকেও গরুর মাংস খেতে যেতে দেখেছেন বলে জানান তিথি।

এরপরই আরও বিতর্কিত মন্তব্য করেন ‘ঝিলিক’খ্যাত এই অভিনেত্রী। তার ভাষ্য, প্রচুর মানুষ গরুর মাংস খান, এটাই বাস্তবতা। এমনকি মুসলিমদের তুলনায় হিন্দুরাই বেশি গরুর মাংস খান বলেও দাবি করেন তিনি। যারা প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেন না, তাদের মধ্যেও অনেকে গোপনে গরুর মাংস খান বলে মন্তব্য করেন তিথি।তিনি আরও বলেন, কার কী ধর্ম বা খাদ্যাভ্যাস, সেটি একান্তই ব্যক্তিগত বিষয়। একজনের খাদ্যাভ্যাস অন্য কারও ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও মত দেন তিনি।

তিথির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেউ তার বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ খাদ্যাভ্যাসকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার পক্ষে মত দিয়েছেন। অনেকে তার মন্তব্যকে অপরিণত বলেও কটাক্ষ করেছেন। এদিকে গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্কের বিষয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিশ্বজিৎ চক্রবর্তী। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমার পেট, আমার মন, আমার হাত, আবার খাবার যে খাব, সে জন্য যে টাকা খরচ হবে, সেটাও তো আমারই। তাহলে আমি কী খাব, কতটা খাব, সেটা ঠিক করে দেবে অন্য কেউ? বললেই হলো নাকি?

বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, গত ৪ তারিখ বাংলাদেশে গিয়েছিলাম। ৫ তারিখ দেশে ফিরেও এসেছি। ওইটুকুই সময়। তিনি জানান, এক বোনের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে পাওয়া আতিথেয়তায় তিনি অভিভূত হয়েছেন বলেও জানান এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের পর আইনি পদক্ষেপের বিষয়েও কথা বলেন বিশ্বজিৎ। তিনি জানান, এ ঘটনায় তিনি মামলা করেছেন। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় এ নিয়ে আর বিস্তারিত মন্তব্য করতে চান না বলেও জানান বর্ষীয়ান এই অভিনেতা।

Link copied!