ফুটবল বিশ্বকাপ নিয়ে রোমানের সংগীতে কনার গান (ভিডিওসহ)

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ১২:১৮ দুপুর

বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন গান ‘নান নান নান না’। গানটির কথা ও সুর করেছেন গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গানটির সংগীতায়োজন করেছেন রোমান রহমান। ‘নান নান নান না’ গানটি প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’ শিরোনামের সংগীতভিত্তিক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি ছড়িয়ে পড়েছে এবং শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে নির্মিত হলেও গানটি শুধুই খেলার আনন্দে সীমাবদ্ধ নয়। এতে ফুটবলকে দেখানো হয়েছে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক হওয়ার প্রতীক হিসেবে। ‘মানি না কালা সাদা, মানি না বর্ণের বাধা’—এমন কথার মধ্য দিয়ে উঠে এসেছে সাম্য, মানবতা ও বৈষম্যবিরোধী বার্তা।

গানের প্রতিটি পঙক্তিতে ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ তুলে ধরা হয়েছে। একইসঙ্গে গানের দৃশ্যপটেও রয়েছে বিশ্বজনীনতার ছাপ। মেক্সিকো, কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশের প্রতীকী উপস্থাপনার মাধ্যমে দেখানো হয়েছে, ফুটবল এমন এক ভাষা যা মানুষকে এক কাতারে দাঁড় করায়। এখানে ‘দাসের ছেলে আর মালিকের ছেলে’ একই মাঠে একসঙ্গে খেলে—যেখানে ফুটবল মাঠ হয়ে ওঠে বৈশ্বিক মানবতার প্রতীক।

মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরেই তার গানের মাধ্যমে সমাজের নানা বাস্তবতা তুলে ধরছেন। নির্যাতিত শিশু গৃহকর্মীকে নিয়ে ‘আদুরি’, সীমান্তে নিহত কিশোরীকে ঘিরে ‘ফেলানীরে করল গুলি’ কিংবা আলোচিত ‘মাগুরার ফুল’—প্রতিটি গানেই সময়ের নির্মম সত্য সাহসিকতার সঙ্গে উঠে এসেছে। শুধু দেশীয় প্রেক্ষাপট নয়, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও তার গান মানবতার পক্ষে কথা বলেছে।

সম্প্রতি তার লেখা ও সুরে প্রকাশিত দীর্ঘ সময়ের ‘ঘুম থেরাপি এনথেম’ গানটিও ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে শ্রোতাদের নজর কাড়ে। সংগীতকে থেরাপি হিসেবে ব্যবহারের সৃজনশীল চিন্তা তার কাজকে আরও স্বতন্ত্র পরিচিতি দিয়েছে।

Link copied!