সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ১১:০৩ দুপুর

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। তার জানাজা ও দাফনের স্থান এবং সময় বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২০১৯ সালে স্ট্রোক করেছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। আইন পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত থাকার পাশাপাশি তিনি দেশের আইন অঙ্গনেও পরিচিত ছিলেন।

Link copied!