কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ১০:৪৮ দুপুর

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। এ সময় হোটেলের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কলকাতার অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা নিউ মার্কেটে এ দুর্ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠেও একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন নিহত হন। গত ১৭ আগস্ট ভোরে পাঁচতলা ওই হোটেলের নিচতলায় আগুন লাগে। সে সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

Link copied!