বেনাপোল সীমান্তে ৩টি সোনার বারসহ আটক ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০৭ বিকাল

মো. সাইদুল ইসলাম :
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩টি সোনার বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। 

 

বুধবার (১৯ আগস্ট) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

 

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বেনাপোল পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. সুজন হোসেন (৩৪) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি পুটখালী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

 

বিজিবি জানায়, তার কাছ থেকে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া মোটরসাইকেল ও মোবাইলসহ জব্দ করা মালামালের মোট মূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।

 

উদ্ধার করা সোনার বার যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তি ও জব্দ মালামাল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!