কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাস বয়সী আলোচিত রায়হান হত্যার বিচারের দাবীতে বিশাল এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১ টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ও উপজেলাবাসীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নীলগঞ্জের মাদকের আস্থানাগুলো ধ্বংস এবং শিশু রাইয়ান হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করে তিন মাসের মধ্যে বিচারকার্য সম্পন্নের দাবি জানান। এদিকে আলোচিত শিশু রাইয়ান হত্যার সাত দিন অতিবাহিত হলেও প্রধান আসামি নিহতের খালু আল আমিন ছাড়া অন্য কাউকে গ্রেফতার কিংবা শনাক্ত করতে না পারায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে ১৫ অক্টোবর ভোরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয় ১০ মাস বয়সি শিশু রাইয়ান। নিখোঁজের দুদিন পর ১৭ অক্টোবর সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আল-আমিনের বসতবাড়ির পাশের একটি খাল থেকে শিশুটির ব্যাগভর্তি লাশ উদ্ধার করে পুলিশ। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

আপনার মতামত লিখুন :