ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ দুপুর

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর ভাড়া বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ভোরে অপরাধ তদন্ত বিভাগের অপরাধস্থল বিশ্লেষণকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী। তবে তাদের পরিচয় ও ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Link copied!