কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬, ০৮:২৯ রাত

মো. সাইদুল ইসলাম:
ভারতের কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। শনিবার বিকেলে তিনটি অ্যাম্বুলেন্সে মরদেহগুলো পেট্রাপোল সীমান্তে আনা হয়।

প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল সীমান্তের শূন্যরেখায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, আফসানার বাবা আকরাম আলী এবং সাভারের আহম্মেদ বাবু।

গত ১৯ আগস্ট কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি ছিলেন। বাকি দুজনের একজনের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফিরবে, আরেকজনের মরদেহ ভারতে সৎকার করা হবে।

Link copied!