ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বেনাপোল সীমান্তে পাচারের আগেই ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ০৯:৩৩ রাত

মো. সাইদুল ইসলাম: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের আগেই এক কোটি ১০ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার ভোররাতে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় তার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে। আটক স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য এক কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা। আটক ব্যক্তি কুমিল্লার দাউদকান্দি এলাকার মো. ফারুক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানিয়েছে বিজিবি। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!