মাসুদ মাহাতাব, ঢাকা: স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং মানবিক সমাজ গঠনে রক্তদাতাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মাননা প্রদান ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের চেয়ারম্যান শিহাব রিফাত আলম, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের উপদেষ্টা মো. শাফিউল বাশার এবং সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও দেশের সর্বোচ্চ সংখ্যক রক্তদাতা জাভেদ নাছিম সহ সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের সম্মাননা মেডেল প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন—সংগঠনের উপদেষ্টা মো. শাফিউল বাশার, সাংগঠনিক সম্পাদক লায়ন কানিজ ফাতিমা, সহপ্রচার সম্পাদক রোহান ইসলাম, সেক্রেটারি জেনারেল মো. জাভেদ নাছিম, যুগ্ম সেক্রেটারি জেনারেল আশিকুল ইসলাম বিজয়, মো. আহসান হাবীব মানিক, কাজী জাহান ও মো. ফারুক মিয়া।
এ ছাড়া সম্মাননা প্রাপ্তদের তালিকায় রয়েছেন নুসরাত জাহান নদী, তুলন মণ্ডল, রেদোয়ান ইসলাম রবিন, রনি আহমেদ, মো. রিয়াজউদ্দিন, প্রচার সম্পাদক মো. আবুল কালাম এবং ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল কাইয়ুম।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছায় রক্তদানকে মানবিক ও মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, রক্তের অভাবে যেন কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সে লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করা, নিয়মিত রক্তদাতাদের সম্মান জানানো এবং জরুরি মুহূর্তে রক্তের প্রাপ্যতা নিশ্চিত করতে সংগঠিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচানোর মাধ্যম নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন স্বেচ্ছায় রক্তদানের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ আরও জোরদার করবে।

আপনার মতামত লিখুন :