ভোলায় ১২লাখ টাকা মূল্যের গাঁজাসহ পটুয়াখালীর মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬, ১১:০১ রাত

ভোলায় মাদকবিরোধী অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। শনিবার (৮ আগস্ট) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার সোনাডুগী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক হওয়া মাদক কারবারির নাম আবুল কালাম আজাদ মাঝি৷ তিনি পটুয়াখালী বানঘাটা গ্রামের মোঃ হাশেম মাঝির ছেলে৷

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশার সোনাডুগী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইজ ভোলার একটি দল। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মাইক্রোবাস থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করে কোস্ট গার্ড।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Link copied!