রাজধানীর বিজয়নগরে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক।
মামলার তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সশস্ত্র দুর্বৃত্তরা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, হত্যাচেষ্টার পরিকল্পনা, অর্থের জোগান ও পৃষ্ঠপোষকতার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
ঘটনার পরপরই ১৪ ডিসেম্বর ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে র্যাব। পরবর্তীতে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আপনার মতামত লিখুন :