পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাটে ঢাকাগামী কয়েকটি লঞ্চে অভিযান চালিয়ে ডেকে (ফ্লোরে) পাতা শতাধিক তোশক ও চাদর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নেওয়া এই পদক্ষেপে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ার আগে ঘাটে নোঙর করা এ আর খান-১, কুয়াকাটা-১, কাজল-৭, এমভি পূবালীসহ মোট পাঁচটি লঞ্চে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল আশরাফ ও হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোভার স্কাউটস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে দেখা যায়, লঞ্চগুলোর ফ্লোরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের উদ্দেশ্যে তোশক ও চাদর বিছিয়ে রাখা হয়েছে। পরে এসব তোশক ও চাদর জব্দ করা হয়। ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, নির্ধারিত ভাড়ার বাইরে তোশক ও চাদরের নামে ৩০০ থেকে ৫০০ টাকা, কখনো ১ হাজার টাকার বেশি আদায় করা হচ্ছিল। ঈদ মৌসুমে এই ভোগান্তি আরও বেড়ে যায়।
পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা জাকির শাহরিয়ার বলেন, যাত্রীদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হলেও কিছু অসাধু লস্কর ও কর্মচারী তোশক-চাদর ভাড়া দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন। এ ধরনের অনিয়ম ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :