রাশিয়া–ইউক্রেন যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১,২৫৫ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে Russian Ministry of Defence। রোববার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনীর অভিযানে ইউক্রেনীয় বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে নর্থ ব্যাটলগ্রুপের দায়িত্বাধীন এলাকায় প্রায় ২৩৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। একই সময়ে ওয়েস্ট ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ১৮০ জন সেনা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
এ ছাড়া সাউথ ব্যাটলগ্রুপের অভিযানে ১৫০ জনের বেশি এবং সেন্টার ব্যাটলগ্রুপের হামলায় ৩৪৫ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইস্ট ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ২৬৫ জন এবং ডনেপ্র ব্যাটলগ্রুপের এলাকায় আরও প্রায় ৮০ জন সেনা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। পাশাপাশি ইউক্রেনীয় সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থান লক্ষ্য করে ১৪৩টি এলাকায় আঘাত হানা হয়েছে। এসব অভিযানে অপারেশনাল-ট্যাকটিক্যাল বিমান, আক্রমণাত্মক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি ইউনিট অংশ নেয় বলে দাবি করা হয়েছে। তবে রাশিয়ার এ দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র তাস।

আপনার মতামত লিখুন :